বাংলাদেশিদের ভিসা চালুর খবরে কলকাতার ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ, ফিরছে নতুন আশার আলো The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশিদের ভিসা চালুর খবরে কলকাতার ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ, ফিরছে নতুন আশার আলো

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
বাংলাদেশিদের ভিসা চালুর খবরে কলকাতার ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ, ফিরছে নতুন আশার আলো ছবির ক্যাপশন:

বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা পুনরায় চালুর খবরে আনন্দের জোয়ার বইছে ভারতের কলকাতার ব্যবসায়ী মহলে। দীর্ঘদিন পর বাংলাদেশি পর্যটকদের ফের আগমনের সম্ভাবনায় শনিবার (২৭ জুন) কলকাতার নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট এবং ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

বিকেলে মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সংগঠনগুলোর এক বৈঠকে বাংলাদেশি পর্যটকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে পর্যটকদের নিরাপত্তা, ব্যবসায়িক পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সিসিটিভি নজরদারি জোরদার করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

ব্যবসায়ীদের মতে, বাংলাদেশি পর্যটকরা দীর্ঘদিন ধরে কলকাতার পর্যটন ও খুচরা ব্যবসার অন্যতম বড় ক্রেতা। তাই তারা চান, দুই বছর আগে বাংলাদেশিরা যে পরিচিত ও আন্তরিক কলকাতা দেখেছিলেন, এবারও যেন ঠিক সেই অভিজ্ঞতাই পান। কোনো ধরনের নিরাপত্তাহীনতা বা অনিশ্চয়তা ছাড়াই যাতে পর্যটকরা কেনাকাটা ও ভ্রমণ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে কলকাতার পর্যটননির্ভর ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়ে। বিশেষ করে নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, লিন্ডসে স্ট্রিটসহ আশপাশের ব্যবসা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় বিক্রি কম থাকায় অনেক প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে। কেউ ঋণ নিতে বাধ্য হয়েছেন, কেউ ব্যবসা গুটিয়ে ফেলেছেন, আবার অনেকে বিকল্প পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে হোটেল, পোশাকের দোকান, বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, মোবাইল সিম বিক্রেতা এবং পরিবহনসেবার সঙ্গে যুক্ত অনেকেই ক্ষতির মুখে পড়েন।

এখন ভিসা চালুর খবরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন এসব ব্যবসায়ী। তাদের প্রত্যাশা, বাংলাদেশি পর্যটকদের আগমন শুরু হলে নিউ মার্কেটসহ আশপাশের ব্যবসা আবারও প্রাণ ফিরে পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

মারকুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোষ সাহা বলেন, গত দুই বছর ব্যবসায়ীরা অত্যন্ত কঠিন সময় পার করেছেন। এখন তারা আশা করছেন, বাংলাদেশি পর্যটকদের আগমনের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন হবে। আগের মতো আন্তরিক সম্পর্ক গড়ে তুলে নিউ মার্কেটকে আবারও তার পুরোনো ব্যস্ততা ও জনপ্রিয়তায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন।

স্থানীয় ব্যবসায়ী মুস্তাজ জানান, বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকার প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয়েছে। অতীতে অনেক পর্যটক চলন্ত গাড়িতে ব্যাগ, পাসপোর্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েছিলেন। সিসিটিভির ফুটেজ ব্যবহার করে সেসব সামগ্রী উদ্ধারে ব্যবসায়ীরা সহযোগিতা করেছিলেন। ভবিষ্যতেও একই ধরনের সহায়তা নিশ্চিত করতে তারা প্রস্তুত রয়েছেন।

ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে মারকুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছিল। নিউ মার্কেটে ব্যবসা কমে গিয়েছিল প্রায় ৬০ শতাংশ। একই সঙ্গে বড়বাজারসহ কলকাতার অন্যান্য বাণিজ্যিক এলাকাও এর নেতিবাচক প্রভাব অনুভব করে।

তাদের বিশ্বাস, ভ্রমণ ভিসা পুনরায় চালুর ফলে শুধু ব্যবসা নয়, কলকাতার পর্যটন, হোটেল শিল্প, পরিবহন খাত এবং স্থানীয় অর্থনীতিও নতুন গতি পাবে। এখন ব্যবসায়ীদের একটাই প্রত্যাশা—বাংলাদেশি পর্যটকদের স্বতঃস্ফূর্ত আগমনের মাধ্যমে কলকাতার পর্যটননির্ভর ব্যবসা আবারও তার পুরোনো প্রাণচাঞ্চল্য ফিরে পাক।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সোশ্যাল মিডিয়া ব্যবহারেও চাই দায়িত্বশীলতা ও সংযম

সোশ্যাল মিডিয়া ব্যবহারেও চাই দায়িত্বশীলতা ও সংযম