মরুর দেশের জনপ্রিয় মিষ্টান্ন কুনাফা এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঈদুল ফিতরের আনন্দকে আরও মিষ্টিময় করে তুলতে এই সুস্বাদু ডেজার্ট হতে পারে দারুণ একটি পছন্দ। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্টের মতো স্বাদের কুনাফা, যা অতিথি আপ্যায়নেও এনে দেবে ভিন্নতা।
কুনাফা তৈরির জন্য প্রয়োজন হবে লাচ্ছা সেমাই, ঘি বা মাখন, দুধ, কনডেন্সড মিল্ক, কর্ন ফ্লাওয়ার, চিনি এবং কিছু বাদাম। প্রথমে একটি প্যানে সামান্য ঘি গরম করে বাদাম কুচি হালকা ভেজে তুলে রাখতে হবে। এরপর একই প্যানে লাচ্ছা সেমাই দিয়ে চিনি ও গুঁড়া দুধ মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে সেমাই হালকা ক্রিস্পি হয়ে যায়।
অন্যদিকে, একটি পাত্রে দুধ, কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ এবং কর্ন ফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে কম আঁচে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এই ক্রিমি মিশ্রণটাই কুনাফার মূল স্বাদ তৈরি করবে।
এবার একটি পরিবেশন পাত্রে প্রথমে ভাজা সেমাইয়ের একটি স্তর দিন। তার ওপর সমানভাবে দুধের ঘন মিশ্রণ ছড়িয়ে দিয়ে আবার সেমাইয়ের আরেকটি স্তর তৈরি করুন। সবশেষে উপরে ভাজা বাদাম ছড়িয়ে দিন। এরপর পাত্রটি ২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
ঠান্ডা হওয়ার পর পরিবেশন করলেই প্রস্তুত হয়ে যাবে মজাদার কুনাফা। ঈদের দিনে পরিবারের সদস্য ও অতিথিদের জন্য এই ডেজার্ট হতে পারে একদম পারফেক্ট একটি চমক।
কসমিক ডেস্ক