ডাকসু বিষয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডাকসু বিষয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
ডাকসু বিষয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবির ক্যাপশন:
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সম্পর্কে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর এক নেতার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বক্তব্যকে অশ্লীল, কুরুচিপূর্ণ ও অর্বাচীন আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ভবন সম্পর্কে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের একটি বক্তব্য সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ওই বক্তব্য অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ। এ ধরনের মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম, ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে বলে মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে কর্তৃপক্ষ এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে সংশ্লিষ্ট নেতাকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অর্বাচীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দেশের শিক্ষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কোনো স্থাপনা বা ঐতিহ্য নিয়ে কটূক্তি করা অনভিপ্রেত এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, গত শনিবার রাতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান ডাকসু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোকে শিক্ষাঙ্গনের মর্যাদা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বছরের শুরুতেই স্বর্ণের দামে আবারও সমন্বয়

বছরের শুরুতেই স্বর্ণের দামে আবারও সমন্বয়