ফরিদপুরে উন্নয়নবঞ্চিত ১০ গ্রামের মানুষের দুর্ভোগ, কাঁচা সড়কে দুই যুগের ক্ষোভ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফরিদপুরে উন্নয়নবঞ্চিত ১০ গ্রামের মানুষের দুর্ভোগ, কাঁচা সড়কে দুই যুগের ক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ফরিদপুরে উন্নয়নবঞ্চিত ১০ গ্রামের মানুষের দুর্ভোগ, কাঁচা সড়কে দুই যুগের ক্ষোভ ছবির ক্যাপশন:

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক প্রায় দুই যুগ ধরে কাঁচা অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১০টি গ্রামের মানুষ। দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়নবঞ্চনার অভিযোগ তুলে স্থানীয়রা দ্রুত সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে প্রায় ২০ বছর ধরে সড়কটি উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত রাখা হয়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির মধ্যে চলাচল করতে হচ্ছে।

সোমবার (১৫ জুন) দুপুরে ফরিদপুর সদর উপজেলার কছিমউদ্দিন বেপারীর ডাঙ্গী এলাকায় বেহাল সড়কটি মেরামত ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, মমিনখার হাট–গোয়ালন্দ আঞ্চলিক সড়কের ইয়াছিন ব্রিজ থেকে দেলোন মল্লিকের ডাঙ্গী জামে মসজিদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এলাকার অন্তত ১০টি গ্রামের মানুষের প্রধান যাতায়াত পথ।

এই সড়ক ব্যবহারকারী গ্রামের মধ্যে রয়েছে কছিমউদ্দিনের ডাঙ্গী, মিনাজউদ্দিন মোল্যার ডাঙ্গী, আনছার মাতুব্বরের ডাঙ্গী, মগরম মাতুব্বরের ডাঙ্গী, নিমাই শেখের পাড়া, দেলোন মল্লিকের ডাঙ্গী ও বাজু মোল্যার ডাঙ্গীসহ আশপাশের এলাকা।

এছাড়া স্থানীয় চরমাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে তাদের যাতায়াতও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের অধিকাংশ অংশ ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। কোথাও কোথাও রাস্তার দুই পাশ ধসে গেছে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় পরিণত হয়। বর্ষা মৌসুমে অনেক অংশ পানির নিচে তলিয়ে যায়, ফলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, এই দুরবস্থার কারণে অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়াও সম্ভব হয় না। অ্যাম্বুলেন্স গ্রামে প্রবেশ করতে না পারায় রোগীদের ভ্যান বা চৌকিতে করে মূল সড়কে নিতে হয়। কৃষকরাও ক্ষেত থেকে ফসল পরিবহনে চরম দুর্ভোগে পড়েন এবং প্রায়ই দুর্ঘটনার শিকার হন।

প্রবীণ বাসিন্দা জলিল শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তাডার এমন অবস্থা হইছে যে বলার মতো না। এতদিনেও কেউ খোঁজ নেয় নাই। আমরা চাই রাস্তাডা দ্রুত পাকা করা হোক।”

স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম অভিযোগ করেন, একাধিক সরকার পরিবর্তন হলেও তাদের সড়কের কোনো উন্নয়ন হয়নি। কয়েকবার কাজের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা অন্য এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে সৌদি প্রবাসী আব্দুর রাজ্জাক শেখ জানান, দীর্ঘদিন ধরে শুনে আসছেন রাজনৈতিক কারণে এই এলাকায় উন্নয়ন হচ্ছে না। তিনি নিজস্ব অর্থায়নে কিছু অংশে ইট বিছানো ও একটি কালভার্ট নির্মাণ করেছেন বলেও জানান। তবে বৃষ্টিতে সেগুলোও নষ্ট হয়ে গেছে।

মানববন্ধনে বক্তারা দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য বর্তমান সরকার এবং ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় জাহিদ ব্যাপারী, মোতালেব শেখ, মো. বাদশা মণ্ডলসহ গণ্যমান্য ব্যক্তিরা।

এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, নাগরিক অধিকার হিসেবে তারা একটি নিরাপদ ও টেকসই সড়ক পাওয়ার অধিকার রাখেন। দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভাড়া ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল আরএফএল কর্মীর দেহ

ভাড়া ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল আরএফএল কর্মীর দেহ