অস্ট্রেলিয়ার উপনির্বাচনে চমক দেখাল ডানপন্থী দল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অস্ট্রেলিয়ার উপনির্বাচনে চমক দেখাল ডানপন্থী দল

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
অস্ট্রেলিয়ার উপনির্বাচনে চমক দেখাল ডানপন্থী দল ছবির ক্যাপশন:

অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছে ডানপন্থী জনতাবাদী দল ওয়ান ন্যাশন। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের ফ্যারার উপনির্বাচনে জয় পেয়ে প্রথমবারের মতো দেশটির ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষে আসন নিশ্চিত করেছে দলটি। ওয়ান ন্যাশনের প্রার্থী ডেভিড ফার্লির এই জয়কে অস্ট্রেলিয়ার প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ভোট গণনার অধিকাংশ শেষ হওয়ার পর দেখা যায়, দুই-প্রার্থী পছন্দনির্ভর গণনায় ফার্লি প্রায় ৫৭ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিশেল মিলথর্প অনেক পিছিয়ে পড়েন। যদিও এই ফলাফল প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার সরকারের সংখ্যাগরিষ্ঠতায় সরাসরি কোনো প্রভাব ফেলবে না, তবুও এটি ভোটারদের মানসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী লিবারেল পার্টির সাবেক নেতা সুসান লে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় এই উপনির্বাচনের আয়োজন করা হয়। এর আগে সাউথ অস্ট্রেলিয়ার নির্বাচনে ভালো ফল করার পর এটি ছিল ওয়ান ন্যাশনের জন্য প্রথম বড় ফেডারেল পরীক্ষা।

জয়ের পর ওয়ান ন্যাশনের নেতা পলিন হ্যানসন সমর্থকদের উদ্দেশে বলেন, “এটি শুধু ফ্যারারের জয় নয়, এটি অস্ট্রেলিয়ার জয়। আমরা এখন আরও আসনে জয়ের দিকে এগিয়ে যেতে চাই।” তার বক্তব্যে দলটির আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট হয়েছে।

রাজনীতিতে নতুন মুখ ডেভিড ফার্লি পেশায় একজন কৃষক। নির্বাচনের পর তিনি বলেন, বড় দুই রাজনৈতিক দলের প্রতি তার আস্থা কমে গিয়েছিল। কারণ তারা নির্বাচনের আগে এক ধরনের প্রতিশ্রুতি দিলেও পরে ভিন্ন আচরণ করে। তিনি দাবি করেন, ওয়ান ন্যাশন এখন আর ছোট দল নয়, বরং জাতীয় রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে।

অস্ট্রেলিয়ার নির্বাচনী ব্যবস্থায় ভোটাররা প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ভোট দেন। পরে সেই ভোট পুনর্বণ্টনের মাধ্যমে চূড়ান্ত দুই প্রার্থীর মধ্যে বিজয়ী নির্ধারণ করা হয়। এই ব্যবস্থার মধ্য দিয়েই ওয়ান ন্যাশন তাদের প্রথম নিম্নকক্ষের আসন নিশ্চিত করল।

এর আগে ১৯৯০-এর দশকে পলিন হ্যানসন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একটি আসনে জয়ী হলেও পরে পুনর্নির্বাচনে পরাজিত হন। বর্তমানে তিনি সিনেট সদস্য হিসেবে পার্লামেন্টে রয়েছেন। তবে এবার দলীয় ব্যানারে নিম্নকক্ষে জয় পাওয়াকে ওয়ান ন্যাশনের জন্য বড় রাজনৈতিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিশাল আয়তনের ফ্যারার আসনটি প্রায় ১ লাখ ২৭ হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত, যা দক্ষিণ কোরিয়ার চেয়েও বড়। এতদিন এই আসনটি লিবারেল বা ন্যাশনাল পার্টির নিয়ন্ত্রণে ছিল। ফলে ওয়ান ন্যাশনের এই জয় অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপির শরিকদের ধানের শীষ ও দলীয় প্রতীকে নির্বাচনী লড়াই

বিএনপির শরিকদের ধানের শীষ ও দলীয় প্রতীকে নির্বাচনী লড়াই