বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা ঘোষণা যেকোনো সময় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা ঘোষণা যেকোনো সময়

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা ঘোষণা যেকোনো সময় ছবির ক্যাপশন:

বিএনপি নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিকল্প নীতিমালা প্রণয়নের লক্ষ্য নিয়ে ছায়া মন্ত্রিসভা বা ছায়া সরকার গঠনের প্রস্তুতি প্রায় শেষ করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে এ বিষয়ে বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং অনানুষ্ঠানিকভাবে কার্যক্রমও শুরু হয়েছে।

আগামী ৭ জুন থেকে জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। বিরোধী জোটের নেতারা জানিয়েছেন, বাজেট অধিবেশনকে সামনে রেখে ৫ ও ৬ জুন দলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে বাজেট বিশ্লেষণের পাশাপাশি ছায়া সরকারের কাঠামো, দায়িত্ব বণ্টন এবং কার্যপদ্ধতি নিয়ে আলোচনা হবে।

দলীয় সূত্র জানায়, সংসদ সদস্যদের কাছ থেকে জানতে চাওয়া হবে তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে আগ্রহী। পাশাপাশি দলের নীতিনির্ধারক পর্যায় থেকেও বিভিন্ন মন্ত্রণালয়ের বিপরীতে দায়িত্ব নির্ধারণ করা হবে। প্রয়োজন হলে একজন সদস্যকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হতে পারে।

ছায়া সরকার মূলত সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের একটি সাংগঠনিক কাঠামো, যেখানে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দলের একজন নির্দিষ্ট নেতা দায়িত্ব পালন করেন। তাদের কাজ হলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা, সরকারের নীতির সমালোচনা ও মূল্যায়ন করা এবং বিকল্প পরিকল্পনা তুলে ধরা।

বিরোধী জোটের নেতারা জানিয়েছেন, চারটি প্রধান লক্ষ্য সামনে রেখে এই ছায়া সরকার গঠন করা হচ্ছে। প্রথমত, সরকারের মন্ত্রণালয়গুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা। দ্বিতীয়ত, সরকারের নীতির সমালোচনার পাশাপাশি বিকল্প ও উন্নত নীতি প্রস্তাব করা। তৃতীয়ত, বিরোধী দলের নেতাদের সংশ্লিষ্ট খাত সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ করে তোলা। চতুর্থত, সরকারের ভুলত্রুটি জনগণের সামনে তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, বিরোধীদলীয় নেতা আগেই ছায়া সরকার গঠনের ঘোষণা দিয়েছেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। সময় হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ছায়া সরকারের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে এর কিছু কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চূড়ান্ত প্রস্তুতি শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে, যা বাজেট অধিবেশনের পর হতে পারে।

দলীয় নেতারা জানিয়েছেন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা, আইন, স্থানীয় সরকার, যোগাযোগ, তথ্য ও সম্প্রচার, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, সমাজকল্যাণ, ধর্ম, শ্রম ও কর্মসংস্থানসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে ছায়ামন্ত্রী নিয়োগ করা হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা একটি কার্যকর ব্যবস্থা। এটি বিরোধী দলকে আরও সংগঠিত ও জবাবদিহিমূলক ভূমিকা পালনে সহায়তা করে। যদিও বাংলাদেশের সংবিধানে ছায়া সরকার গঠনের কোনো বাধ্যবাধকতা নেই, তবুও শক্তিশালী বিরোধী রাজনীতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রংপুর, ময়মনসিংহসহ ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রংপুর, ময়মনসিংহসহ ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা