মেসির চোট নিয়ে যা বললেন মায়ামি কোচ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেসির চোট নিয়ে যা বললেন মায়ামি কোচ

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
মেসির চোট নিয়ে যা বললেন মায়ামি কোচ ছবির ক্যাপশন:

বিশ্বকাপের আগে লিওনেল মেসির চোট নিয়ে তৈরি হওয়া দুশ্চিন্তা কিছুটা কমিয়েছে ইন্টার মায়ামি শিবির। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়লেও আর্জেন্টাইন মহাতারকার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন ক্লাবটির কোচ গিয়ের্মো হোয়োস।

মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৬-৪ গোলের জয় পায় ইন্টার মায়ামি। তবে ম্যাচ চলাকালীন দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় তাকে পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায়। এই দৃশ্য প্রকাশের পরই বিশ্বকাপের আগে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।

বিশেষ করে ৩৮ বছর বয়সী মেসির জন্য এটিই সম্ভাব্য শেষ বিশ্বকাপ হওয়ায় তার ফিটনেস নিয়ে বাড়তি সতর্কতা রয়েছে ফুটবল বিশ্বে। ফলে ম্যাচের পরপরই সামাজিক মাধ্যমে মেসির চোট নিয়ে নানা আলোচনা শুরু হয়।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেন ইন্টার মায়ামি কোচ গিয়ের্মো হোয়োস। তিনি জানান, বিষয়টি গুরুতর নয় এবং সতর্কতার কারণেই মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে।

হোয়োস বলেন, “এখনো চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট হাতে পাইনি। তবে লিও (মেসি) ক্লান্ত ছিলেন এবং কিছুটা অবসন্ন অনুভব করছিলেন। সেই কারণেই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি।”

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলও একই ধরনের তথ্য দিয়েছেন। তার দাবি, মেসি মূলত পেশির ক্লান্তি অনুভব করছিলেন এবং সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবেই বদলি হতে সম্মতি দেন। বড় ধরনের কোনো ইনজুরির আশঙ্কা আপাতত নেই বলেও জানিয়েছেন তিনি।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে নিয়মিত খেলছেন এবং দলের আক্রমণভাগের মূল ভরসা হয়ে উঠেছেন তিনি। ফিলাডেলফিয়ার বিপক্ষেও দুটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। আর ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ।

বিশ্বকাপ সামনে রেখে মেসির শারীরিক অবস্থা নিয়ে এখন প্রতিটি আপডেটই গুরুত্ব পাচ্ছে। কারণ আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। এরপর প্রস্তুতি ম্যাচ খেলেই মূল টুর্নামেন্টে অংশ নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মায়ামি কোচের বক্তব্যে আপাতত স্বস্তি ফিরে পেলেও মেসির অবস্থা নিয়ে নজর রাখছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। সমর্থকরাও আশা করছেন, দ্রুত পুরোপুরি ফিট হয়ে আবার মাঠে ফিরবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের ৫ বছর পারমাণবিক স্থগিত প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ

ইরানের ৫ বছর পারমাণবিক স্থগিত প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ