বলিউড তারকাদের জীবনযাপন নিয়ে আলোচনার শেষ নেই, তবে কিছু উদ্যোগ তাদের আলাদা করে তোলে। ঠিক তেমনই একটি উদ্যোগ নিয়ে নতুন করে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী Sara Ali Khan। সাধারণ জীবনযাপন ও আধ্যাত্মিক মনোভাবের জন্য পরিচিত এই তারকা এবার নিজের সম্পত্তিকে শিক্ষার কাজে ব্যবহারের সুযোগ করে দিয়ে নজর কাড়লেন।
মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সে অবস্থিত তার প্রায় ৪,৫০০ বর্গফুটের একটি বাংলো পাঁচ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনাকারী সংস্থার কাছে। সেখানে একটি মন্টেসরি স্কুল চালু করা হবে, যেখানে ছোট শিশুদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি করা হবে।
চুক্তিটি সম্পন্ন হয় ২৭ মার্চ। পাঁচ বছরের এই লিজ থেকে তিনি প্রায় ৪.১৪ কোটি টাকা আয় করবেন বলে জানা গেছে। চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬.৫ লাখ টাকা, এবং তৃতীয় বছর থেকে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বৃদ্ধি পাবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ২০ লাখ টাকা জামানত জমা দিয়েছে।
বর্তমানে জুহু এলাকায় বসবাস করলেও নিজের খালি পড়ে থাকা সম্পত্তিকে অব্যবহৃত না রেখে এমন কাজে লাগানোর সিদ্ধান্ত অনেকের কাছেই ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শিশুদের শিক্ষার জন্য একটি নিরাপদ ও মানসম্মত পরিবেশ তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত কয়েক বছরে অন্যান্য তারকারা বাণিজ্যিক কাজে সম্পত্তি ভাড়া দিলেও, এই উদ্যোগ কিছুটা আলাদা। কারণ, এখানে মূল লক্ষ্য শুধু আর্থিক লাভ নয়, বরং একটি শিক্ষামূলক পরিবেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা। ফলে এই বাংলোটি এখন হয়ে উঠবে শিশুদের শেখা, খেলা এবং বেড়ে ওঠার এক নতুন ঠিকানা।
কসমিক ডেস্ক