দেশের ১৯ জেলায় শনিবার সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
যেসব জেলায় এই ঝড়ের আশঙ্কা রয়েছে সেগুলো হলো—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, যা জনজীবনে ঝুঁকি তৈরি করতে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা এড়ানো যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আবহাওয়া পরিবর্তনের সময় খোলা জায়গায় অবস্থান, নদীপথে যাতায়াত এবং উঁচু স্থানে অবস্থান ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক