কুড়িগ্রামের রৌমারীতে দাঁতভাঙ্গা ইউনিয়নের এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রাম ভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ, বিএনপি নেতার ছেলে এরশাদুল হক এসব পেট্রোল গোপনে মজুত করে অধিক মূল্যে বিক্রি করতেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করেন। গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল এবং বিক্রির উপকরণ জব্দ করা হয়। অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে আদালত এরশাদুল হকের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। এরশাদুল হক ঘটনাস্থলে না থাকায় জরিমানার টাকা পরিশোধ করেন তার ভাই হারুন অর রশিদ।
হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের মোটরসাইকেলের জন্য ড্রামে কিছু পেট্রোল রাখা ছিল। কিন্তু প্রতিবেশীরা শত্রুতা করে বিষয়টি বাড়িয়ে প্রশাসনকে জানিয়েছে। আমাদের বাবা বিএনপির রাজনীতি করেন, বড় ভাই আওয়ামী লীগের সময় রাজনীতি করেছে, আর বাজারে তেলের দোকান আছে।” তবে মোটরসাইকেলের জন্য গোয়ালঘরে এত পেট্রোল সংরক্ষণের যুক্তি তিনি স্পষ্টভাবে দিতে পারেননি।
সহকারী কমিশনার রাফিউর রহমান জানান, “বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় ১০ হাজার টাকা জরিমানা ও তেলের ড্রাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে।”
কসমিক ডেস্ক