দীর্ঘদিন ধরেই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি নাচেও তার উপস্থিতি বরাবরই দর্শকদের দৃষ্টি কেড়েছে।
খুব অল্প বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন তিনি। পরবর্তীতে নায়িকা হিসেবে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে টলিউডে নিজের অবস্থান শক্ত করেন।
মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি ভিন্নধর্মী কাজেও অংশ নিয়ে নিজেকে বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শ্রাবন্তী।
অভিনয়ের পাশাপাশি নাচেও তার জনপ্রিয়তা রয়েছে। যদিও তিনি প্রথাগতভাবে নাচের প্রশিক্ষণ নেননি, তবুও বিভিন্ন চলচ্চিত্র ও গানে তার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে।
সম্প্রতি আবারও আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ আবার প্রলয় ২-এর ‘কলকাতার রসগোল্লা’ গানে তাকে দেখা গেছে।
গানটিতে তার নাচ ও উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে ফান্দে পড়িয়া বগা কান্দে রে ছবির জনপ্রিয় ‘কোকাকোলা’ গানেও তার নাচ দর্শকদের নজর কাড়ে।
নায়িকা হিসেবে দীর্ঘদিন সফল ক্যারিয়ার থাকার পরও কেন তিনি আইটেম গানে পারফর্ম করেন—এমন প্রশ্ন প্রায়ই ওঠে।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা জবাব দিয়েছেন শ্রাবন্তী।
তিনি বলেন, আইটেম গানে পারফর্ম করতে তার দারুণ লাগে।
তার ভাষায়, “কেন নয়? আমি মূলধারার বাণিজ্যিক ছবির একজন অভিনেত্রী। আইটেম ডান্স নম্বরে পারফর্ম করতে আমার দারুণ লাগে। এতে নানা ধরনের অভিব্যক্তি দেখানোর সুযোগ থাকে, অন্যরকম সাজে ক্যামেরার সামনে দাঁড়ানো যায়।”
তবে আইটেম গানে নাচার পেছনে আলাদা কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।
শ্রাবন্তীর মতে, একজন অভিনেতা বা অভিনেত্রীর সব ধরনের পারফরম্যান্স করার সক্ষমতা থাকা উচিত।
তিনি মনে করেন, অভিনয়ের পাশাপাশি নাচ, ভিন্নধর্মী চরিত্র কিংবা বিশেষ গানে পারফরম্যান্স—সবকিছুই একজন শিল্পীর কাজের অংশ।
এই কারণেই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে নাচতেও তার কোনো আপত্তি নেই বলে জানান তিনি।
এদিকে কাজের ক্ষেত্রেও নতুন চমক নিয়ে আসছেন এই অভিনেত্রী।
শিগগিরই তাকে দেখা যাবে নতুন ওয়েব সিরিজ ঠাকুমার ঝুলি-তে।
এই সিরিজে তিনি ‘গিরিজাবালা দেবী’ নামে এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন।
বিষ্ণুপুরের এক নারীকে কেন্দ্র করে নির্মিত এই চরিত্রটি জীবনের নানা প্রতিকূলতা ও দুঃখ-কষ্টের মধ্য দিয়ে এগিয়ে যায়।
গল্প অনুযায়ী, তার বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমে একটি রহস্যময় হত্যাকাণ্ডের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
নতুন এই চরিত্রে শ্রাবন্তীর অভিনয় দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে মনে করছেন নির্মাতারা।
কসমিক ডেস্ক