খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ছাত্রদলের সাবেক নেতা রাশিকুল আনাম রাশুকে (৩৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরস্থ কেডিএ কল্পতরু মার্কেটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
রাজনীতির পাশাপাশি তিনি কল্পতরু মার্কেটে ইট, বালি ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
ঘটনার সময় রাশিকুল আনাম রাশু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন বলে জানা গেছে।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলাকারীরা গুলি চালানোর পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
পরে ঘটনাস্থলে তিন রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত রাশিকুল আনাম রাশুকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে নিহতের স্বজন, বন্ধু-বান্ধব এবং দলীয় নেতা-কর্মীরা ছুটে আসেন।
এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কসমিক ডেস্ক