আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
তিনি বলেন, ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে আবহাওয়া খারাপ হলে বা বৃষ্টি হলে নামাজের সময়সূচিতে কিছু পরিবর্তন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
আবদুস সালাম জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।
তিনি বলেন, যেহেতু ঈদের সময় আবহাওয়া গরম থাকে, তাই মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে ঈদগাহের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া ঈদগাহে পর্যাপ্ত ফ্যান এবং আলোর ব্যবস্থাও রাখা হবে বলে জানান তিনি।
মুসল্লিদের সুবিধার জন্য ঈদগাহ এলাকায় পর্যাপ্ত অজুখানার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নারীদের জন্য আলাদা প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সেখানে ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এটি ঢাকার নাগরিকদের জন্য আনন্দের বিষয়।
তিনি নগরবাসীকে নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায়ের জন্য আমন্ত্রণ জানান।
একইসঙ্গে তিনি মুসল্লিদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
তিনি বলেন, যারা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে আসবেন, তারা যেন কোনো নিষিদ্ধ বা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন বস্তু সঙ্গে না আনেন।
জাতীয় ঈদগাহে প্রবেশের সময় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার জন্য মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক