জুলাই সনদ জাতির ঋণের দলিল: আলী রীয়াজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জুলাই সনদ জাতির ঋণের দলিল: আলী রীয়াজ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
জুলাই সনদ জাতির ঋণের দলিল: আলী রীয়াজ ছবির ক্যাপশন:
ad728

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ, যুবক, শ্রমিক, অভিভাবক—সবার আত্মত্যাগের কাছে রাষ্ট্রের এক গভীর দায় রয়েছে। আর সেই দায়ের নামই হলো ‘জুলাই সনদ’। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর কালো কালিতে লেখা হলেও এর পটভূমি রক্তের ওপর দাঁড়িয়ে। এটি রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ। আসন্ন গণভোটের পক্ষে জনমত গঠন ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই সভার আয়োজন করে।

আলী রীয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ জাতিকে কয়েকটি স্পষ্ট দায়িত্বের মুখোমুখি করেছে। এর মধ্যে অন্যতম হলো—আর যেন কোনো ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র রাষ্ট্রক্ষমতা দখল করতে না পারে, জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।

তিনি বলেন, ‘আর কোনো স্বৈরাচার যাতে জাতির ঘাড়ে চেপে বসতে না পারে, সে জন্য জুলাই সনদের প্রতি সম্মতি জানিয়ে আসন্ন গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে হবে।’

ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো নির্মাণের প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, দেশের এক-তৃতীয়াংশ মানুষ ২৭ থেকে ৩৭ বছরের নিচে। আগামী ৪০ বছরে বাংলাদেশ কোন পথে এগোবে, সেটি নির্ধারণ করার দায়িত্ব বর্তমান প্রজন্মের ওপরই বর্তায়। তিনি বলেন, অগণিত শহীদের আত্মত্যাগ বৃথা যাবে না—এই বিশ্বাস থেকেই জুলাই সনদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংবিধান সংশোধনের অতীত ইতিহাস তুলে ধরে আলী রীয়াজ বলেন, অতীতে এক ব্যক্তির ইচ্ছায় সংবিধান সংশোধন হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রুটি সংশোধনের নামে গঠিত সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার সুপারিশ করলেও প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করা হয়। তিনি বলেন, সংবিধান সংশোধন যেন আর কোনোভাবেই ব্যক্তির ইচ্ছার খেলায় পরিণত না হয়—এটাই সময়ের দাবি।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে ‘প্রহসন’ উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এক ব্যক্তির সিদ্ধান্তে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন পরিচালনার মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮টি সুপারিশ চারটি ক্যাটাগরিতে গণভোটে আসছে। তবে প্রকৃত প্রশ্নটি একটাই—আপনি কি জুলাই অভ্যুত্থানের পক্ষে, না বিপক্ষে?

মনির হায়দার বলেন, গণভোট ব্যর্থ হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসার আশঙ্কা রয়েছে, যার পরিণতি হবে আরও ভয়াবহ। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের নতুন সুযোগ এনে দিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। মতবিনিময় সভায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীর চাপ, দুশ্চিন্তায় বিএনপি

অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীর চাপ, দুশ্চিন্তায় বিএনপি