যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ছবির ক্যাপশন:

যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) নিউইয়র্কে এক স্মারক সংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। একই সঙ্গে এটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জাতির দৃঢ় অঙ্গীকার এবং ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত তার বক্তব্যে সরকারের ‘থ্রি আর (3R)’ কৌশল—রিকভারি (Recovery), রেস্টোরেশন (Restoration) এবং রিকনস্ট্রাকশন (Reconstruction)–এর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এই কৌশলের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা পুনর্গঠন এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া তিনি গণতান্ত্রিক শাসনব্যবস্থা, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মূলনীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের মাধ্যমে বৈশ্বিক শান্তি ও উন্নয়নে বাংলাদেশের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। এতে আন্দোলনের পটভূমি, এর তাৎপর্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা প্রামাণ্যচিত্রটি গভীর আগ্রহের সঙ্গে উপভোগ করেন এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে অবহিত হন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বস্তি এলাকায় আধুনিক আবাসন গড়তে ডিএনসিসির ৪টি কমিটি গঠন

বস্তি এলাকায় আধুনিক আবাসন গড়তে ডিএনসিসির ৪টি কমিটি গঠন