ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদে বহাল ইনফান্তিনো The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদে বহাল ইনফান্তিনো

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদে বহাল ইনফান্তিনো ছবির ক্যাপশন:

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার বিভিন্ন টুর্নামেন্টের স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাব ঘিরে সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তবে ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমর্থন পাওয়ায় তিনি সভাপতির পদে বহাল থাকছেন। বুধবার মরক্কোর রাজধানী রাবাতে ফিফার আফ্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর সংস্থাটি এক বিবৃতিতে ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানায়।

বিতর্কের সূত্রপাত হয় ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (FFE) নামে একটি নতুন অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে পুরুষ ও নারী বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাবকে কেন্দ্র করে। পরিকল্পনায় অংশগ্রহণে সম্মত সদস্য দেশগুলোকে ৪ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাবও ছিল। তবে পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

উয়েফার আপত্তি ও অভ্যন্তরীণ সমালোচনা

গত ২৮ জুলাই ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এ পরিকল্পনার তথ্য প্রকাশের পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তীব্র প্রতিক্রিয়া জানায়। সংস্থাটি জানায়, তারা ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়েছে এবং প্রস্তাবটিকে ‘অস্বচ্ছ ও অসাধু অনাকাঙ্ক্ষিত চুক্তি’ হিসেবে উল্লেখ করে।

শুধু বাহ্যিক নয়, ফিফার অভ্যন্তর থেকেও সমালোচনা আসে। সংস্থার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম কর্মীদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে পুরো ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেন।

জরুরি বৈঠকের পর অবস্থান পরিবর্তন

রাবাতে চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে ফিফার পরিচালনা পর্ষদ এবং মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম যৌথ বিবৃতিতে ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। পরে ফিফার সহ-সভাপতি, কাউন্সিল সদস্য এবং ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের উদ্দেশে পাঠানো যৌথ চিঠিতে ইনফান্তিনো ও গ্রাফস্ট্রম নিজেদের ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি এড়ানোর প্রতিশ্রুতি দেন।

ফিফার বিবৃতিতে বলা হয়, এফএফই-সংক্রান্ত প্রক্রিয়ায় যে ভুল হয়েছে তা স্বীকার করা হয়েছে। পাশাপাশি কাউন্সিল সদস্য ও সংশ্লিষ্ট ফুটবল সংস্থাগুলোকে ইচ্ছাকৃতভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বাইরে রাখা হয়নি বলেও দাবি করা হয়। একই সঙ্গে গণমাধ্যমে তথ্য প্রকাশের পর পরিস্থিতি মোকাবিলায়ও ত্রুটি ছিল বলে সংস্থাটি স্বীকার করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত