দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানের বিমান সংস্থা সালামএয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। এর মাধ্যমে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ওসমানী বিমানবন্দরে।
আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত হলেও ২০১৮ সালের পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ছিল না। দুবাইভিত্তিক ফ্লাইদুবাই একসময় সিলেট-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করলেও পরিচালনাগত সমস্যার কারণে সেই সেবা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় বিদেশি কোনো এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, প্রাথমিকভাবে সালামএয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এই ফ্লাইট চালু হলে বিশেষ করে ওমানে বসবাসরত সিলেটি প্রবাসী এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ ও তুলনামূলক কম ব্যয়বহুল হবে বলে আশা করা হচ্ছে।
সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, বর্তমানে এয়ারলাইনটির বৈশ্বিক নেটওয়ার্ক মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপের ৩৮টি গন্তব্যে বিস্তৃত। বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে সাতটি এবং সিলেট থেকে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে। এতে সিলেট অঞ্চলের প্রবাসী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ হবে এবং দেশের বিমান পরিবহন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছিল ফ্লাইদুবাই। শুরুতে সপ্তাহে পাঁচ দিন এবং পরে প্রতিদিন ফ্লাইট পরিচালিত হলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে সেই সেবা বন্ধ হয়ে যায়। প্রায় আট বছর পর সালামএয়ারের মাধ্যমে আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ফিরছে এই বিমানবন্দরে।
কসমিক ডেস্ক