যন্তর-মন্তরে হামলার পরিকল্পনা ছিল পাক জঙ্গিদের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যন্তর-মন্তরে হামলার পরিকল্পনা ছিল পাক জঙ্গিদের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
যন্তর-মন্তরে হামলার পরিকল্পনা ছিল পাক জঙ্গিদের ছবির ক্যাপশন:

ভারতের পাঞ্জাব পুলিশ দাবি করেছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-সমর্থিত দুটি আন্তঃসীমান্ত জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব নেটওয়ার্কের সদস্যরা গত মাসে দিল্লির যন্তর-মন্তরে চলমান তরুণদের আন্দোলনের সময় হামলার পরিকল্পনা করেছিল। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার পাঞ্জাব পুলিশ জানায়, অভিযানে চার কিশোরসহ মোট নয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, চারটি পেট্রলবোমা এবং নয়টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে, বিদেশে অবস্থানকারী জঙ্গি হ্যান্ডলারদের নির্দেশে স্থানীয় যুবকদের নিয়োগ দিয়ে বিভিন্ন নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছিল।

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব বলেন, প্রথম নেটওয়ার্কটি অমৃতসরের রাজাসানসি এলাকা থেকে শনাক্ত করা হয়। সেখানে সুখমান সিং ও তার তিন অপ্রাপ্তবয়স্ক সহযোগীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সুখমান পাকিস্তানে অবস্থানকারী এক আইএসআই হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। একই সঙ্গে দিল্লির যন্তর-মন্তরে হামলার উদ্দেশ্যে তারা সেখানে গেলেও কঠোর নিরাপত্তার কারণে হামলা চালাতে ব্যর্থ হয়ে ফিরে আসে বলেও তদন্তে উঠে এসেছে বলে জানানো হয়।

পুলিশ আরও দাবি করেছে, হামলার জন্য উত্তর প্রদেশভিত্তিক এক সহযোগীর মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের পরিকল্পনা ছিল। তদন্তে পাকিস্তানভিত্তিক গ্যাংস্টার শাহজাদ ভাট্টির সম্পৃক্ততার অভিযোগও সামনে এসেছে।

অন্যদিকে, রেললাইনের পাশে সন্দেহজনক সিসিটিভি ক্যামেরা স্থাপনের তদন্ত করতে গিয়ে দ্বিতীয় নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তদন্তে অভিযোগ করা হয়েছে, এসব ক্যামেরার ফুটেজ বিদেশে থাকা হ্যান্ডলারদের কাছে পাঠানো হচ্ছিল। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে এসব অভিযোগ ও তদন্তের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্ত চলমান থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশে সতর্ক অবস্থানে রয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাইব্রেকারে হারবে ব্রাজিল, ভবিষ্যদ্বাণী ক্রিস সাটনের

টাইব্রেকারে হারবে ব্রাজিল, ভবিষ্যদ্বাণী ক্রিস সাটনের