দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক একাডেমিতে সাইবার হামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক একাডেমিতে সাইবার হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক একাডেমিতে সাইবার হামলা ছবির ক্যাপশন:

দক্ষিণ কোরিয়ার সরকারি কূটনৈতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোরিয়া ন্যাশনাল ডিপ্লোম্যাটিক একাডেমি (কেএনডিএ)-এর অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। হামলার সঙ্গে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট কোনো হ্যাকার গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তদন্তে তথ্য ফাঁসের সম্ভাবনা উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে। তবে কী পরিমাণ তথ্য বা কী ধরনের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পার্ক ইল বলেন, হামলাকারীরা সফটওয়্যারের আগে থেকে অজানা একটি 'জিরো-ডে' দুর্বলতা এবং নিরাপত্তাব্যবস্থার ত্রুটি কাজে লাগিয়ে একাডেমির অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মে প্রবেশ করে। তদন্তে জানা গেছে, তারা ২০২৫ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে একটি সার্ভারের নিয়ন্ত্রণ নেয় এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গোপনে সেই সার্ভারে প্রবেশাধিকার বজায় রাখে।

পরে একটি সরকারি সংস্থা সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করলে আক্রান্ত সার্ভারটি বন্ধ করে দেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে প্রশিক্ষণ ভিডিও, কোর্স ব্যবস্থাপনা-সংক্রান্ত তথ্য, অংশগ্রহণকারীদের নাম, ব্যবহারকারী আইডিসহ বিভিন্ন প্রশাসনিক তথ্য সংরক্ষিত ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম ডং-আ ইলবো জানিয়েছে, এই হামলার কারণে প্রায় ৬ হাজার বর্তমান ও সাবেক কূটনীতিক এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত তথ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। এর মধ্যে বিদেশে দায়িত্ব পালনরত দক্ষিণ কোরিয়ার কূটনীতিকদের তথ্যও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও এখন পর্যন্ত হামলার পেছনে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর সম্পৃক্ততার প্রযুক্তিগত প্রমাণ পাওয়া যায়নি, তবুও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোনো হ্যাকার সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

সরকার জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সাইবার হামলা প্রতিরোধে সরকারি তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেরানীগঞ্জে অভিযানে ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

কেরানীগঞ্জে অভিযানে ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার