অপ্রাপ্তবয়স্ককে ধর্ষণের অভিযোগে সালিস, জরিমানা ও গ্রাম ছাড়ার সিদ্ধান্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অপ্রাপ্তবয়স্ককে ধর্ষণের অভিযোগে সালিস, জরিমানা ও গ্রাম ছাড়ার সিদ্ধান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
অপ্রাপ্তবয়স্ককে ধর্ষণের অভিযোগে সালিস, জরিমানা ও গ্রাম ছাড়ার সিদ্ধান্ত ছবির ক্যাপশন:

নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অনুষ্ঠিত একটি গ্রাম্য সালিসে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাতের দিকে গ্রাম্য সালিসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিযোগে বলা হয়েছে, কয়েক দিন আগে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে রিপন মিয়াকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন। এরপর বিষয়টি নিয়ে গ্রামে সালিস অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের দাবি, সালিসে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং এক সপ্তাহের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সালিসে উপস্থিত একজন ব্যক্তি দাবি করেন, অভিযুক্ত অভিযোগের বিষয়ে অনুতাপ প্রকাশ করে উপস্থিত ব্যক্তিদের কাছে ক্ষমা চান। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) রিপন মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। তার গর্ভবতী স্ত্রী চম্পা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্বামী নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তাকে অন্যায়ভাবে জরিমানা করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সালিসে পরিবারের অন্য কাউকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি।

অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, প্রথমে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে মেয়ের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা সম্পর্কে অবগত হন। তিনি বলেন, পরিবার গ্রাম্য সালিসের সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাদের তেমন ধারণা নেই।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানিয়েছেন, থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ গ্রাম্য সালিসের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ নেই। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নখের জীবাণু থেকে শিশুর শরীরে ঝুঁকি

নখের জীবাণু থেকে শিশুর শরীরে ঝুঁকি