দক্ষিণ কোরিয়ায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়াংসান শহরে রবিবার (৩ আগস্ট) তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হওয়ার পর সর্বোচ্চ রেকর্ড।
দেশটির আবহাওয়া প্রশাসন (KMA) জানিয়েছে, ইয়াংসানে টানা পঞ্চম দিনের মতো ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বিরাজ করছে। এছাড়া ডেগু, বুসানসহ বিভিন্ন শহরেও তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।
তীব্র দাবদাহের কারণে দেশটির ২০টিরও বেশি এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে সব ধরনের খোলা জায়গার কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা ছাড়া ঘরের ভেতর অবস্থান করাও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া বিভাগ নাগরিকদের দ্রুত শীতল পরিবেশে আশ্রয় নেওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এ পরিস্থিতিতে অনেক মানুষ শপিং মল, ক্যাফে ও অন্যান্য শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে আশ্রয় নিচ্ছেন।
চরম গরমের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে চাংওন শহরে দক্ষিণ কোরিয়ার পেশাদার বেসবল লিগের একটি ম্যাচ বাতিল করা হয়েছে।
কেএমএর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশটিতে বছরে গড়ে তাপপ্রবাহের দিনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ১৯ দিনে পৌঁছেছে।
বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং চলতি বছরের এল নিনো-এর প্রভাবে বিশ্বজুড়ে তাপপ্রবাহসহ চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।
কসমিক ডেস্ক