জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয়: ববি হাজ্জাজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয়: ববি হাজ্জাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয়: ববি হাজ্জাজ ছবির ক্যাপশন:

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজের সাহস, ঐক্য ও আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। তিনি বলেন, সরকারি ও বেসরকারি উভয় ধারার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ আন্দোলনকে আরও ব্যাপকতা ও শক্তি দিয়েছে।

রবিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেতৃত্বে হয়নি। বরং বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং সর্বস্তরের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আন্দোলন সফলতার দিকে এগিয়ে যায়। তিনি উল্লেখ করেন, দেশের প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজে শিক্ষার্থীরা পরিবর্তনের অন্যতম শক্তি হলেও তাদের প্রধান দায়িত্ব শিক্ষা অর্জন। দেশ, সমাজ ও গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল থেকে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার প্রাথমিক শিক্ষা থেকেই মূল্যবোধভিত্তিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী আলোচনা সভায় অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ