চট্টগ্রামের পতেঙ্গাসংলগ্ন কর্ণফুলী নদী ও বহির্নোঙর এলাকায় পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৪৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার এবং একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় সংঘবদ্ধ পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পতেঙ্গা বহির্নোঙর এলাকায় প্রথম অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের একটি দল।
অভিযানের সময় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে কোস্ট গার্ড পরবর্তীতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে।
দ্বিতীয় অভিযানে একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে গোপনে লুকিয়ে রাখা ৪৫০ বস্তা ডিএপি সার উদ্ধার ও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারচক্রের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচারচক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা ডিএপি সার, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান, মাদক এবং বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে সংঘবদ্ধ পাচারচক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর নজরদারি এবং অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।
কসমিক ডেস্ক