ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গরুর শসা ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হামদু মিয়া বাইগদা বন্দেরবাড়ি এলাকার ছোট্ট মিয়ার ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩১ জুলাই) হামদু মিয়ার শসা ক্ষেতে প্রতিবেশী আবুল হোসেনের একটি গরু ঢুকে ফসল খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে বিকেলে হামদু মিয়ার ছেলে নীরব স্থানীয় বাজারে গেলে প্রতিপক্ষের ছেলে ইয়াসিন তাকে থাপ্পড় দেন। এর জেরে হামদু মিয়া লাঠি দিয়ে আঘাত করলে ইয়াসিনের মাথায় গুরুতর জখম হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে আবুল হোসেনের সমর্থকরা হামদু মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কসমিক ডেস্ক