দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সবজি বাজারে হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বাজারের চিত্র পাল্টে যাওয়ায় সীমিত আয়ের মানুষ প্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম খাচ্ছেন। ৫০০ টাকা নিয়েও আগের মতো বাজারের ব্যাগ ভরানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করছেন ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বেগুন প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, করলা ও বরবটি ৮০ টাকা, ঢ্যাঁড়শ, পটোল ও শসা ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁচামরিচ ৩২০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, আদা ১৬০ টাকা এবং রসুন ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। মাত্র দুই সপ্তাহ আগেও এটি প্রায় ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
দাম বৃদ্ধির কারণে অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় কম সবজি কিনতে বাধ্য হচ্ছেন। সংসারের ব্যয় সামাল দিতে কেউ বাজারের তালিকা ছোট করছেন, আবার কেউ কম পরিমাণে কিনে দিন পার করার চেষ্টা করছেন।
রিকশাচালক সাহিন মিয়া বলেন, আগে ৫০০ টাকায় ব্যাগভর্তি সবজি নিয়ে বাড়ি ফেরা যেত, এখন কয়েক কেজি সবজি কিনতেই সেই টাকা শেষ হয়ে যায়। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি চাকরিজীবী জানান, অল্প কয়েকটি নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতেই ৫০০ টাকা ব্যয় হয়ে যাচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন কমে গেছে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বেড়েছে। সেই প্রভাব খুচরা বাজারেও পড়েছে। তাদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সবজির দাম কিছুটা কমতে পারে।
এদিকে ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকির অভাবে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন। তারা বাজার মনিটরিং জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
কসমিক ডেস্ক