টানা তাপপ্রবাহে ইংল্যান্ডজুড়ে তীব্র খরা, বাড়ছে পানি সংকট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টানা তাপপ্রবাহে ইংল্যান্ডজুড়ে তীব্র খরা, বাড়ছে পানি সংকট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
টানা তাপপ্রবাহে ইংল্যান্ডজুড়ে তীব্র খরা, বাড়ছে পানি সংকট ছবির ক্যাপশন:

টানা তাপপ্রবাহ ও দীর্ঘদিনের বৃষ্টিহীন আবহাওয়ার কারণে ইংল্যান্ডজুড়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে। দেশটির প্রায় অর্ধেক অঞ্চলে পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। নদী-নালা ও জলাধারের পানির স্তর দ্রুত কমে যাওয়ায় জনজীবন, কৃষি এবং পরিবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ।

দেশটির পরিবেশ সংস্থা জানিয়েছে, দক্ষিণ, মধ্য ও পূর্ব ইংল্যান্ডে খরার পরিস্থিতি সবচেয়ে গুরুতর। বছরের এই সময়ে স্বাভাবিক যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৭ শতাংশে। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টিপাতের হার কমে মাত্র ১ শতাংশে দাঁড়িয়েছে, যা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

চলতি বছরের জুন মাসে ইংল্যান্ডে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসের অন্যতম উষ্ণ জুন হিসেবে বিবেচিত হচ্ছে। পানির অভাবে বিভিন্ন নদীর পানির স্তর স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৮ শতাংশ পর্যন্ত কমে গেছে।

বিজ্ঞানী ও কৃষি বিশেষজ্ঞদের মতে, এই খরার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে কৃষিখাতে। সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন কমে যাওয়ায় খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সাফোক উপকূলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকায় আগুন লাগার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এদিকে, মে ও জুন মাসের তীব্র তাপপ্রবাহে তাপজনিত কারণে প্রায় ২ হাজার ৮৭৭ জনের মৃত্যুর তথ্যও উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি শুধু জনস্বাস্থ্যের জন্য নয়, অর্থনীতি, কৃষি ও সামগ্রিক অবকাঠামোর ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলেই ‘ওয়েদার হুইপল্যাশ’ বা স্বল্প সময়ের ব্যবধানে চরম আবহাওয়ার পরিবর্তনের ঘটনা বাড়ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা, জলাধার সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সাদা পরীর লুকে পার্লার উদ্বোধনে নজর কাড়লেন অপু বিশ্বাস

সাদা পরীর লুকে পার্লার উদ্বোধনে নজর কাড়লেন অপু বিশ্বাস