সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে দাখিল করা আবেদনের ওপর আজ মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। ওই আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরীর কথোপকথনের সূত্র ধরে প্রায় ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তের অংশ হিসেবে তাকে জিয়াউর রহমান হত্যা মামলার ঘটনাস্থলেও নেওয়া হয়।
এদিকে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার কোর্ট মার্শালের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রসিকিউশন আরও জানিয়েছে, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে। ট্রাইব্যুনালের শুনানির পর এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম নির্ধারিত হবে।
উল্লেখ্য, মামলাটি দেশের বহুল আলোচিত পুরোনো ঘটনাগুলোর একটি। দীর্ঘ সময় পর আসামি গ্রেপ্তার এবং ট্রাইব্যুনালে নতুন আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
কসমিক ডেস্ক