খাগড়াছড়ি পৌরসভার উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে টিলা থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে টিলা থেকে মাটি কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজাহান নামে এক ব্যক্তির বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্টদের অবৈধভাবে পাহাড় ও টিলা কেটে পরিবেশের ক্ষতি না করার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে প্রশাসন জানিয়েছে, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
উল্লেখ্য, বর্ষা মৌসুম এলেই খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু ব্যক্তি অবৈধভাবে পাহাড় ও টিলার মাটি কাটার কাজে জড়িয়ে পড়ে। এতে পাহাড়ধস, ভূমিক্ষয় এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। এ কারণে প্রশাসন অবৈধ টিলা কাটা বন্ধে নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করেছে।
কসমিক ডেস্ক