হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধ্বসে বালুভর্তি একটি ট্রাক খাদে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী (হেলপার) অক্ষত রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতছড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় বালুভর্তি ট্রাকটির নিচে হঠাৎ পিচঢালা সড়কের একটি অংশ ধসে পড়ে। এতে ভারসাম্য হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে তৈরি হওয়া গর্তে পড়ে উল্টে যায়। ঘটনার পরপরই ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে সড়কের নিচ দিয়ে পানির প্রবাহ চলছিল। এতে মাটির নিচে ফাঁপা অংশ বা সুরঙ্গের সৃষ্টি হয়। সময়মতো প্রয়োজনীয় সংস্কার না করায় ভারী যানবাহনের চাপ সহ্য করতে না পেরে সড়কের ওই অংশ ধসে পড়ে।
সাতছড়ি ত্রিপুরা পল্লীর বাসিন্দা চিত্ত রঞ্জন দেব বর্মা বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে সড়কের নিচে মাটি সরে গিয়ে ফাঁকা অংশ তৈরি হয়েছিল। পরে একটি ভারী ট্রাক চলাচলের সময় সড়কটি ধসে পড়ে।
মোটরসাইকেল আরোহী ছালেক মিয়া জানান, সড়ক ধসে যাওয়ায় ওই পথে চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে যাত্রী ও যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও ভোগান্তি দুই-ই বাড়িয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সড়কটি আপাতত যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সাতছড়ি বিট কর্মকর্তা মেহেদী হাসান জানান, নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থল থেকে দ্রুত ট্রাকটি সরিয়ে নিতে এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুনরায় চালুর জন্য কাজ করছে।
এদিকে সড়ক বন্ধ থাকায় চুনারুঘাট ও মাধবপুরের মধ্যে চলাচলকারী যাত্রী, পণ্যবাহী যানবাহন এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত সড়ক সংস্কার শেষ করে যোগাযোগ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কসমিক ডেস্ক