ভিসা না দিয়ে ৮ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতাসহ ৪ আসামি রিমান্ডে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভিসা না দিয়ে ৮ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতাসহ ৪ আসামি রিমান্ডে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
ভিসা না দিয়ে ৮ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতাসহ ৪ আসামি রিমান্ডে ছবির ক্যাপশন:

স্টুডেন্ট ভিসার নামে প্রতারণার মাধ্যমে ৯১ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৮ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মূল হোতা মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে মো. মতিউর রহমানসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে মো. মতিউর রহমান, রাবেয়া খাতুন তানিয়া, সাইদুর রহমান এবং মো. তানজির ইসলাম। এর মধ্যে তানজির ইসলামের চার দিনের এবং অপর তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল ভূইয়া আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম মর্তুজা ইবনে ইসলাম রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত চার আসামির রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের আদালতে হাজির করার সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। আদালতের বারান্দায় নেওয়ার সময় কয়েকজন হামলার চেষ্টা করেন। পরে পুলিশ প্রহরায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে তাদের নিচে নামানো হয়।

হাজতখানায় নেওয়ার আগ মুহূর্তে উত্তেজিত শিক্ষার্থীরা আবারও হামলার চেষ্টা চালান। একপর্যায়ে হাজতখানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশেরও চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাদীপক্ষের আইনজীবী রুহুল আমিন মোল্লাসহ কয়েকজন উপস্থিত ব্যক্তি শিক্ষার্থীদের শান্ত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিসা গাইড কোম্পানি স্টুডেন্ট ভিসার মাধ্যমে চার মাসের মধ্যে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে। পরে জাস্ট থট এডুকেশন কনসালট্যান্ট নামের প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময়ে ৯১ শিক্ষার্থীর কাছ থেকে মোট ৮ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকা গ্রহণ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, অর্থ গ্রহণের পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি। বরং বারবার স্টুডেন্ট ও ফ্যামিলি ভিসা প্রসেসিংয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হয় এবং শেষ পর্যন্ত অর্থ আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় গত ৮ জুলাই ভুক্তভোগীদের পক্ষে আল আমিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে ইরানের কাছে পাঠালো ১৫ দফার প্রস্তা

যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে ইরানের কাছে পাঠালো ১৫ দফার প্রস্তা