রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নওরীন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটসংলগ্ন ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নওরীনের বাবা মো. নাজিম জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হলেও বর্তমানে তারা বেগুনবাড়িতে বসবাস করেন। তিনি পেশায় রিকশাচালক এবং শিশুটির মা শিরিন আক্তার একজন গৃহিণী। নওরীন ছিল তাদের একমাত্র সন্তান।
তিনি জানান, ঘটনার সময় বাবা-মায়ের হাত ধরে বাসার সামনে বের হয়েছিল নওরীন। একপর্যায়ে বাবার হাত ছাড়িয়ে হঠাৎ রাস্তা পার হওয়ার জন্য দৌড়ে গেলে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কসমিক ডেস্ক