নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি সরকারের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি সরকারের ছবির ক্যাপশন:

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবাকে সহজলভ্য করতে নতুন তিনটি উপজেলা গঠন করেছে সরকার। এ লক্ষ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলার তিনটি বিদ্যমান উপজেলাকে পুনর্বিন্যাস করে ‘ফটিকছড়ি উত্তর’, ‘দক্ষিণ গফরগাঁও’ ও ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন—বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল নিয়ে। একই সঙ্গে নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস সেট-আপও অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা বিভক্ত করে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। এতে অন্তর্ভুক্ত হয়েছে মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী এবং টাংগাব ইউনিয়ন। এখানেও বিভিন্ন সরকারি দপ্তরের অফিস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা থেকে ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো—শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী। এই উপজেলার জন্যও প্রয়োজনীয় প্রশাসনিক অফিস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারের এই প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে স্থানীয় পর্যায়ে সরকারি সেবা আরও দ্রুত, কার্যকর ও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নতুন উপজেলাগুলোতে প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলার কাজও ধাপে ধাপে সম্পন্ন করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জনগণের সেবক হিসেবে পরিচ্ছন্নতায় নেতৃত্ব দিলেন এমপি মাসুদ

জনগণের সেবক হিসেবে পরিচ্ছন্নতায় নেতৃত্ব দিলেন এমপি মাসুদ