তথ্য মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তথ্য মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
তথ্য মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:

বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ-নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণমাধ্যম সহযোগিতা, ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণ করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সুদৃঢ় কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, কৃষি, পানি ব্যবস্থাপনা এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতেও দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। তিনি বিশেষভাবে গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নিউ মিডিয়া এবং ডিজিটাল ইকোসিস্টেমের প্রসঙ্গ উঠে আসে। তথ্যমন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য একটি কার্যকর ও আধুনিক নীতিমালা বা কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি জানতে চান, নেদারল্যান্ডস কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করছে। জবাবে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল জানান, তার দেশ ইতোমধ্যে ডিজিটাল নিরাপত্তা ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে নতুন ফ্রেমওয়ার্ক ও বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ গণমাধ্যম উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার সুষ্ঠু ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলমও উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স