হেবা দলিলে উৎসে কর নয়, শুধু দানকর প্রযোজ্য: এনবিআর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হেবা দলিলে উৎসে কর নয়, শুধু দানকর প্রযোজ্য: এনবিআর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
হেবা দলিলে উৎসে কর নয়, শুধু দানকর প্রযোজ্য: এনবিআর ছবির ক্যাপশন:

সম্পত্তির হেবা (দান) দলিল নিবন্ধনের ক্ষেত্রে উৎসে কর নয়, কেবল দানকর প্রযোজ্য হবে বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আয়কর আইন ও বিধিমালার ব্যাখ্যা নিয়ে মাঠপর্যায়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতে মঙ্গলবার (৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে স্পষ্টীকরণ জারি করা হয়।

এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারা এবং উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত হারে উৎসে কর আদায়ের বিধান রয়েছে। তবে ২০২৬-২৭ অর্থবছর থেকে ১২৫ ধারায় নতুন উপধারা (২ক) সংযোজনের মাধ্যমে হেবা বা দানের ক্ষেত্রে পৃথক বিধান যুক্ত করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের দলিল নিবন্ধনের সময় দানকর আইন, ১৯৯০ অনুযায়ী নির্ধারিত হারে দানকর ই-চালানের মাধ্যমে নিবন্ধনকারী কর্মকর্তা সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে উৎসে কর প্রযোজ্য হবে না।

অন্যদিকে, ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দানকর প্রযোজ্য নয়। এসব ক্ষেত্রে প্রচলিত বিধান অনুযায়ী কেবল উৎসে কর সংগ্রহ করা হবে বলে জানিয়েছে এনবিআর।

নতুন আয়কর আইন কার্যকর হওয়ার পর হেবা ও দান দলিলে দানকরের পাশাপাশি উৎসে করও পরিশোধ করতে হবে কি না—এ নিয়ে মাঠপর্যায়ে বিভ্রান্তি দেখা দেয়। এর ফলে দেশের বিভিন্ন স্থানে হেবা ও দানসংক্রান্ত জমি ও ফ্ল্যাটের দলিল নিবন্ধন কার্যক্রমেও জটিলতা তৈরি হয়।

এনবিআরের সর্বশেষ ব্যাখ্যার মাধ্যমে হেবা ও ক্রয়-বিক্রয়ভিত্তিক সম্পত্তি হস্তান্তরের কর ব্যবস্থার পার্থক্য স্পষ্ট হওয়ায় নিবন্ধন কার্যক্রমে বিদ্যমান বিভ্রান্তি দূর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন নিয়ে বয়কটের আহ্বান সেপ ব্লাটারে

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন নিয়ে বয়কটের আহ্বান সেপ ব্লাটারে