সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। সোমবার (৬ জুলাই) ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।
কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে, শেষকৃত্য অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের জন্য রাজধানীতে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আরও কিছু সময় বন্ধ থাকবে। কবে থেকে এই বিমানবন্দর পুরোপুরি চালু হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে খামেনির চূড়ান্ত দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমাও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট পরিচালিত হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ ও ৮ জুলাই দেশের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে। শুধুমাত্র শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে নির্ধারিত স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা ও আনুষ্ঠানিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
কসমিক ডেস্ক