ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বে দাপুটে ফুটবল উপহার দিয়ে শেষ ৩২-এ ওঠা সেলেসাওদের সাফল্যে পুরো দেশজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এই আনন্দকে আরও বিশেষ করে তুলতে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের স্থানীয় প্রশাসন।
বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি ঘোষণা দেন যে, আগামী সোমবার ব্রাজিলের নকআউট ম্যাচ উপলক্ষে পৌর ও অঙ্গরাজ্য পর্যায়ের সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি কার্যকর করা হবে।
মেয়র জানান, রিওর ভারপ্রাপ্ত গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন সরকারি গেজেটে প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জুন সোমবার দুপুর ২টায় স্থানীয় সময় অনুষ্ঠিতব্য ব্রাজিলের নকআউট ম্যাচের দিন সরকারি দপ্তরগুলোতে ঐচ্ছিক ছুটি থাকবে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১১টায়।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট নিশ্চিত করে ব্রাজিল। এই জয়ের পর দেশজুড়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের সাফল্য নিয়ে অসংখ্য পোস্ট, ছবি ও মিম ছড়িয়ে পড়ে।
মেয়র কাভালিয়েরিও সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে কয়েকটি জনপ্রিয় মিম শেয়ার করেন। এক পোস্টে তিনি মজার ছলে বলেন, “ব্রাজিল নিয়ে পাওয়া মিমগুলো একবার দেখে নিন।” পাশাপাশি সমর্থকদের উদ্দেশে তিনি হেক্সা জয়ের স্বপ্ন দেখার আহ্বান জানান।
এদিকে নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডসের মধ্যে যে কোনো একটি দলের মুখোমুখি হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপানকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।
বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এগিয়ে চলা ব্রাজিলের প্রতিটি ম্যাচ এখন সমর্থকদের কাছে উৎসবের উপলক্ষ হয়ে উঠেছে। আর সেই উন্মাদনাকে স্বীকৃতি দিতেই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ।
কসমিক ডেস্ক