চীনের ডালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি ডালিয়ান থেকে হাই-স্পিড বা বুলেট ট্রেনে যাত্রা শুরু করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। চীন সফরের অংশ হিসেবে ডালিয়ানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পর এখন তিনি দেশটির রাজধানী বেইজিংয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-এ অংশগ্রহণ করেন। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজন ‘গ্রীষ্মকালীন দাভোস’ নামে পরিচিত।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, অর্থনীতিবিদ, গবেষক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন। এতে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচও উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেন। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশ্লেষকদের মতে, এই ধরনের আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে জানার সুযোগও তৈরি হয়।
উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ডালিয়ান সফরে যান এবং সেখানে একাধিক আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন।
কসমিক ডেস্ক