রাজধানীর জুরাইন ও শ্যামপুর এলাকায় ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (২২ জুন) এ অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ৭টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে জুরাইন ও শ্যামপুর এলাকার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং ফুটপাত দখল করে রাখা বিভিন্ন উপকরণ অপসারণ করা হয়। একই সঙ্গে সড়কের দুই পাশ পরিষ্কার করে পথচারীদের জন্য চলাচলের জায়গা উন্মুক্ত করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে কিছু এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ কারণে জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক অনেকটাই দখলমুক্ত হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হয়েছে বলে জানান স্থানীয়রা।
ডিএসসিসি সূত্রে জানানো হয়েছে, নগরবাসীর দুর্ভোগ কমাতে অবৈধ দখল, ফুটপাত দখল এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
অভিযান চলাকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে নগরবাসীকে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
কসমিক ডেস্ক