মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার দুপুরে তাঁর সরকারি বাসভবনে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।
মধ্যাহ্ন ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। দুই দেশের শীর্ষ নেতাদের এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে পুরো পরিবেশে সৌহার্দ্য ও কূটনৈতিক উষ্ণতার আবহ তৈরি হয়।
ভোজ শেষে আয়োজিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে মালয়েশিয়ার শিল্পীরা পরিবেশনা করেন। পাশাপাশি স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা “প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার” গানটি পরিবেশন করে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে উপস্থিত দুই প্রধানমন্ত্রী ও তাদের সহধর্মিনীরা পুরো সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন হিসেবে অনুষ্ঠানটি বিশেষভাবে গুরুত্ব পায়।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ভবন থেকে বের হলে প্রবেশপথের দুই পাশে দাঁড়িয়ে থাকা মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে তাদের স্বাগত জানায়। এ সময় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের শুভেচ্ছা জানান।
এই সৌজন্য অনুষ্ঠানে দুই দেশের নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিগত সম্পর্ক ও কূটনৈতিক বন্ধনের উষ্ণতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বিদায়ের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিনী নিজে উপস্থিত থেকে তারেক রহমান ও তাঁর সহধর্মিনীকে বিদায় জানান।
বিশ্লেষকদের মতে, এই ধরনের ব্যক্তিগত সৌজন্য অনুষ্ঠান দুই দেশের সম্পর্ককে কেবল রাজনৈতিক পর্যায়ে নয়, বরং সাংস্কৃতিক ও মানবিক পর্যায়েও আরও গভীর করে তোলে। এটি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
কসমিক ডেস্ক