ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন ভারতের ১৫ বছর বয়সী তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
রোববার ডাম্বুলার রঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী। প্রথম বল থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন তিনি।
লঙ্কান পেসার মোহাম্মদ শিরাজের দ্বিতীয় ওভারে তিনি তাণ্ডব চালান। ওই ওভারে তিনটি ছক্কা ও দুটি চারসহ সংগ্রহ করেন ২৬ রান। এরপর আরও আক্রমণ বাড়িয়ে মাত্র ১১ বলেই নিজের ফিফটি পূর্ণ করেন এই তরুণ ব্যাটার।
এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশল্য বীরা রত্নের, যিনি ২০০৫ সালে ১২ বলে এই কীর্তি গড়েছিলেন। দুই দশকের পুরোনো সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী।
ভারতীয় ঘরোয়া ক্রিকেটেও এতদিন দ্রুততম ফিফটির রেকর্ড ছিল সরফরাজ খানের ১৫ বলের ইনিংস। সেটিও এবার পেছনে ফেলেছেন এই কিশোর ব্যাটার।
২০২৪ সালের ডিসেম্বরে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ১২টি ম্যাচ খেলেছেন বৈভব সূর্যবংশী। বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেটে তার একটি ১৯০ রানের বিধ্বংসী ইনিংসও রয়েছে, যা ইতোমধ্যে তাকে ভবিষ্যতের তারকা হিসেবে আলোচনায় নিয়ে এসেছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই ইনিংসটি তরুণ ব্যাটারের আত্মবিশ্বাস ও প্রতিভার নতুন পরিচয় বহন করছে।
কসমিক ডেস্ক