আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড আনহেল দি মারিয়ার দুর্দান্ত পারফরম্যান্সেই প্রায় এক যুগ আগে ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে স্মরণীয় ‘লা দেসিমা’ জিতেছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয়ের পরই ক্লাব ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তখন বেতন ও ব্যক্তিগত চাহিদা নিয়ে নানা অভিযোগের তীর ছোড়া হয়েছিল দি মারিয়ার দিকেই।
সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সেই সময়ের ঘটনা নিয়ে মুখ খুলেছেন দি মারিয়া। তিনি বলেন, তার বিরুদ্ধে ছড়ানো অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল এবং সেই অভিজ্ঞতা আজও তাকে কষ্ট দেয়।
দি মারিয়া বলেন, ‘আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ আমি রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইনি। তখন বলা হয়েছিল, আমি নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর সমান বেতন চাইছিলাম। এটা পুরোপুরি মিথ্যা। যে খেলোয়াড় এতগুলো ব্যালন ডি’অর জিতেছে, তার সমান বেতন আমি কীভাবে চাইতে পারি?’
তিনি আরও জানান, চ্যাম্পিয়নস লিগ জয়ের পর তিনি দারুণ সুখী ছিলেন এবং তৎকালীন কোচ কার্লো আনচেলত্তিও চাননি যে তিনি দল ছাড়ুন। তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।
দি মারিয়ার ভাষায়, ‘হামেস রদ্রিগেস দলে আসার পর বুঝে গেলাম, চলে যাওয়ার জন্য আমিই সবচেয়ে সহজ অপশন। কোচ আমাকে রাখতে চাইলেও ক্লাবের সিদ্ধান্ত অন্যরকম ছিল।’
রিয়াল মাদ্রিদের হয়ে দি মারিয়া একটিমাত্র চ্যাম্পিয়নস লিগই নয়, জিতেছেন একটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং একটি করে স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ। তবু ক্লাবের সঙ্গে তার অধ্যায় শেষ হয়ে যায় ২০১৪ সালেই।
রিয়াল ছাড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেও সেখানে নিজেকে মানিয়ে নিতে ব্যর্থ হন তিনি। এক মৌসুম পরই পাড়ি জমান প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। ফরাসি ক্লাবে তার ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছায়। পিএসজির হয়ে পাঁচটি লিগ শিরোপাসহ অসংখ্য ট্রফি জেতেন এই আর্জেন্টাইন উইঙ্গার।
জাতীয় দলের জার্সিতে দি মারিয়ার সাফল্য আরও উজ্জ্বল। আর্জেন্টিনার হয়ে তিনি জিতেছেন দুটি কোপা আমেরিকা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ২০২৪ সালে।
বর্তমানে ৩৭ বছর বয়সী আনহেল দি মারিয়া খেলছেন তার শৈশবের ক্লাব রোজারিও সেন্ত্রালে। তবে রিয়াল মাদ্রিদ ছাড়ার সেই অধ্যায় এখনো তার স্মৃতিতে রয়ে গেছে গভীর ক্ষতের মতো।
কসমিক ডেস্ক