সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে আগুন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে আগুন ছবির ক্যাপশন:
ad728

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামে অবস্থিত ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী অফিসে এই ঘটনা ঘটে।

শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে অফিসের বেড়া ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইউসুফ আলী জানান, অন্যান্য নির্বাচনী অফিসের মতো জামতৈল গ্রামের এই অফিসেও নিয়মিত নির্বাচনী কার্যক্রম চলছিল। তবে শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা অফিসের তিন পাশের বেড়া ও ভেতরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তার ভাষায়, যেন তারা ভোট চাইতে না পারেন, ভোটকেন্দ্রে অবস্থান করতে না পারেন এবং এজেন্ট না দিতে পারেন—এই লক্ষ্যেই এমন কর্মকাণ্ড করা হচ্ছে। এ ঘটনায় জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলী আজম মুকুল দম্পতির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আদালতের

আলী আজম মুকুল দম্পতির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আদালতের