নাটোরে নির্বাচনী মাঠে উত্তাপ, ঝুঁকি নিয়ে শঙ্কা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাটোরে নির্বাচনী মাঠে উত্তাপ, ঝুঁকি নিয়ে শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
নাটোরে নির্বাচনী মাঠে উত্তাপ, ঝুঁকি নিয়ে শঙ্কা ছবির ক্যাপশন:
ad728

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নির্বাচনী মাঠে প্রচারণা এখন তুঙ্গে। ভোট প্রার্থনায় বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা চৌকাঠে চৌকাঠে প্রচারণা চালাচ্ছেন। তবে নির্বাচনী এলাকার কিছু ভোটকেন্দ্র নিয়ে সুষ্ঠু ভোট গ্রহণে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুর উপজেলার মোট ৬৮টি ভোটকেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে ১৪টি এবং বড়াইগ্রাম উপজেলার ৯৯টি কেন্দ্রের মধ্যে ১৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ১৩টি কেন্দ্রসহ মোট ৩০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

নাজিরপুর ইউনিয়নে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭৪ জন। এই ইউনিয়নে ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত বা উত্তেজনার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিএনপির রাজনৈতিক সূত্র জানায়, নাজিরপুর ইউনিয়ন জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। ওই ইউনিয়নের সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। একই সঙ্গে বড়াইগ্রাম উপজেলার কয়েকটি কেন্দ্রেও ঝুঁকির আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করেন।

তবে নির্বাচন প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, ঝুঁকিপূর্ণ সব কেন্দ্রে অন্তত চারটি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, এসব কেন্দ্রে নির্বাচনী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার সদস্য, র‌্যাব ও বিজিবি সার্বক্ষণিক মোতায়েন থাকবে। ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর টহলও জোরদার করা হবে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার মোট ৪ লাখ ৪৩ হাজার ৬০০ ভোটার ১৬৭টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে গুরুদাসপুরের ৬৮টি কেন্দ্রে ভোটার ১ লাখ ৯০ হাজার ২২৮ জন এবং বড়াইগ্রামের ৯৯টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৩৭২ জন।

এই আসনে জামায়াত-বিএনপি ছাড়াও জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টিসহ মোট পাঁচজন প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

সোমবার দুপুরে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে ‘ঝুঁকিমুক্ত ভোট গ্রহণ ও গণভোট কী’ শীর্ষক এক আলোচনা সভা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও ফাহমিদা আফরোজ।

সভায় তিনি বলেন, ঝুঁকিমুক্ত ভোট গ্রহণ ও রাজনৈতিক বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনী টিম সার্বক্ষণিক কাজ করছে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি বাড়াতে প্রত্যন্ত এলাকার তৃণমূল ভোটারদের গণভোট সম্পর্কেও সচেতন করা হচ্ছে। দলমত নির্বিশেষে ভোটাররা যাতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বিঘ্নে প্রার্থী নির্বাচন ও গণভোটে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদেশে চাকরির সুযোগ বাড়াতে ৬০ হাজার চালকের প্রশিক্ষণ কর্মসূচ

বিদেশে চাকরির সুযোগ বাড়াতে ৬০ হাজার চালকের প্রশিক্ষণ কর্মসূচ