নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এই নাশকতা চালানো হয়।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত প্রথমে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই তারা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নির্বাচনী অফিসের পাশাপাশি পাশের একটি সাইকেলের দোকান এবং একটি কৃষি উপকরণ বিক্রির দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, আগুনে একটি নির্বাচনী ক্যাম্প ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।