
সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুকুরে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে ২১ মাস বয়সী এক শিশু। নিহত শিশুর নাম মায়মুনা আক্তার। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার সরুয়ালা (বেখারগাঁও) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মায়মুনা ওই গ্রামের ইলিয়াস আলীর মেয়ে। সকালে পরিবারের অজান্তে সে বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে খেলতে খেলতে পাশের একটি পুকুরে পড়ে যায় শিশুটি।
দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, গ্রামীণ এলাকায় খোলা পুকুর ও জলাশয়ের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা শিশুদের নিরাপত্তার জন্য বাড়ির আশপাশে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।