
বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও বিভিন্ন মানসম্পন্ন পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে ইতালি বাংলাদেশের সঙ্গে নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করতে চায়।
রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ইতালির বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক বাজারে যে সক্ষমতা ও গুণগত মান অর্জন করেছে, তা ইতালির ব্যবসায়ীদের আগ্রহ বাড়াচ্ছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। ইতালির দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশকে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্প-কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি আমদানির আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব আধুনিক মেশিনারিজ বাংলাদেশের শিল্পখাতের প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়া সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে ইতালির জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোকে সফর ও প্রীতি ম্যাচ আয়োজনের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্যে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। ইতালিতে কর্মসংস্থান ও বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো নিয়েও ইতিবাচক মনোভাব তুলে ধরেন সংশ্লিষ্টরা।
উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাণিজ্য, সামরিক সহযোগিতা, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।
বিশ্লেষকদের মতে, ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের চাহিদা বৃদ্ধির ফলে রপ্তানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। ইতালির মতো বড় বাজারে রপ্তানি বৃদ্ধি পেলে বাংলাদেশের অর্থনীতি ও শিল্পখাত আরও শক্তিশালী হবে।