
নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দের শুরুতেই রাজধানীর লালমাটিয়ায় উদ্বোধন হলো চিত্রশিল্পের নতুন ঠিকানা ‘গ্যালারি MAFA’। শুক্রবার (৮ মে) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই গ্যালারিটি শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য তৈরি করেছে নতুন সম্ভাবনার দ্বার।
গ্যালারির উদ্যোক্তারা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি প্রদর্শনীর স্থান নয়; বরং শিল্পীদের জন্য একটি উন্মুক্ত ও সৃজনশীল প্ল্যাটফর্ম। যেখানে ভিন্নধর্মী চিন্তা, মত ও শিল্পধারার শিল্পীরা একত্রিত হয়ে নিজেদের শিল্পভাবনা বিনিময় করতে পারবেন। বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠাই তাদের অন্যতম মূল অঙ্গীকার।
‘গ্যালারি MAFA’ প্রতিষ্ঠার পেছনে রয়েছে দীর্ঘদিনের স্বপ্ন, শিল্পের প্রতি গভীর ভালোবাসা এবং সৃজনশীলতার প্রতি অটুট বিশ্বাস। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শিল্পীরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সৃষ্টিশীলতার পরিবেশ গড়ে তুলতে পারেন—সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশের ৪৪ জন শিল্পী। এখানে যেমন রয়েছেন দেশের বরেণ্য ও প্রবীণ শিল্পীরা, তেমনি আছেন নতুন প্রজন্মের তরুণ শিল্পীরাও। একই প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রয়াত শিল্পীদের গুরুত্বপূর্ণ শিল্পকর্মও। ফলে শিল্পচর্চার অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একসঙ্গে দেখার সুযোগ তৈরি হয়েছে দর্শকদের জন্য।
প্রদর্শনীতে অবয়বধর্মী শিল্পের পাশাপাশি স্থান পেয়েছে বিমূর্ত ও নিরবয়ব শিল্পকর্ম। একই ক্যানভাসে বস্তুনিষ্ঠা ও নির্বস্তুকতার সহাবস্থান দর্শকদের জন্য ভিন্নমাত্রার অভিজ্ঞতা তৈরি করেছে। শিল্পের নানা ধারা ও ভাষার এই মেলবন্ধন প্রদর্শনীটিকে করেছে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময়।
অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন সফিউদ্দিন আহমেদ, কাইয়ুম চৌধুরী, হাসেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, আব্দুস শাকুর, ফরিদা জামান, রোকেয়া সুলতানা, শিশির ভট্টাচার্য্য, শেখ আফজাল, শামীম সুব্রানা, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান আনিস, হারুন আর রশিদ টুটুলসহ আরও অনেকে।
গ্যালারির পক্ষ থেকে জানানো হয়, শিল্পীরা যখন একত্রিত হন, তখন তাদের ভাবনা, অনুভূতি ও সৃজনশীলতার আদান-প্রদানের মাধ্যমে তৈরি হয় এক অনন্য শিল্পভুবন। সেই মুক্ত, আন্তরিক ও অনুপ্রেরণামূলক পরিবেশ গড়ে তুলতেই কাজ করবে ‘গ্যালারি MAFA’।
শিল্পপ্রেমীরা মনে করছেন, রাজধানীতে নতুন এই গ্যালারির যাত্রা দেশের শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নবীন শিল্পীদের জন্য তৈরি করবে নতুন সুযোগ।