প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
ডিবির অভিযানে পাবনায় ইয়াবাসহ গ্রেফতার ০২

পাবনার ঈশ্বরদীতে ২০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ মে) রাতে ঈশ্বরদী পৌরসভার ৩নং ওয়ার্ডের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ওই এলাকার বাসিন্দা মো. ভট্টু (৪৫) ও তার ছেলে মো. নূর ইসলাম শিমুল (২০)।
ডিবি পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম শনিবার রাতে ঈশ্বরদী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকার 'ভট্টুর ফার্নিচারের দোকান'-এর সামনে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুইজনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. রাশিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা