প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 10, 2026 ইং
রাজশাহীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন একটি ছাত্রাবাসের কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার ‘আয়েশা টাওয়ার’ ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়।
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “প্রাথমিকভাবে পুলিশের সুরতহাল প্রতিবেদনে এটি আত্মহত্যার ঘটনা বলে জানা গেছে। তবে শিক্ষার্থীর শরীরে কোনো আঘাতের চিহ্ন কিংবা কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।”
ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভূঁইয়া বলেন, “মাহফুজ অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল। এমন একটি ঘটনার কথা আমরা কল্পনাও করিনি। সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যক্তিগত বা মানসিক কোনো সংকটের মধ্য দিয়ে সে যাচ্ছিল কি না, সে বিষয়ে কেউ আগে থেকে অবগত ছিল না।”
ঘটনার তদন্তের বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা