
ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে প্রকাশ্য সড়কে এক নারীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, এক যুবক তার স্ত্রীকে রাস্তায় প্রকাশ্যে আঘাত করতে থাকলে আশপাশের পথচারীরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্কুটিতে করে এসে ওই যুবক রাস্তায় হাঁটতে থাকা এক তরুণীর সামনে থেমে তাকে মারধর শুরু করেন। মুহূর্তেই আশপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করে এগিয়ে আসেন এবং অভিযুক্ত যুবককে আটকানোর চেষ্টা করেন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে মারধর করে নিয়ন্ত্রণে আনেন, ফলে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটির সঙ্গে জড়িত দুজনই স্বামী-স্ত্রী। তবে তাদের মধ্যে কী কারণে এ ধরনের সহিংসতা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ “মিহির ঝা” নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। হাজার হাজার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার ও মন্তব্য করেন।
অনেকেই পথচারীদের দ্রুত পদক্ষেপকে প্রশংসা করেছেন। কেউ কেউ মনে করেন, এমন পরিস্থিতিতে সহিংসতা থামাতে জনসচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার অনেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এখনো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।